রাজনীতি
তারেক রহমানের নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি: আমীর খসরু
তারেক রহমান দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই বিএনপি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বক্তব্য দেন।
আমীর খসরু বলেন, “তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। এ নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। আগামীর নির্বাচনে তিনিই বিএনপিকে নেতৃত্ব দেবেন।”
ডা. জুবাইদা রহমানের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এ বিষয়ে দল কোনো চাপ দেবে না।
বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, তার লন্ডন যাত্রা সম্পূর্ণভাবে স্বাস্থ্যগত পরিস্থিতির ওপর নির্ভরশীল এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।
নির্বাচনী জোট ও আসনবিন্যাস সম্পর্কে আমীর খসরু জানান, আলোচনা এখনো চলছে। “সংলাপ ও আলোচনা গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ। নির্বাচন প্রক্রিয়া এগোচ্ছে, জাতিও নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে।”
তিনি আরও বলেন, বেগম জিয়াই প্রথম থেকে নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে অবস্থান নিয়ে আসছেন। নির্বাচন না হওয়ায় দেশের মানুষ নানা অনিশ্চয়তায় ভুগছে বলেও মন্তব্য করেন তিনি।