রাজনীতি

ধর্মের নামে বিভাজনের পথ তৈরি করতে চায় একটি গোষ্ঠী: মির্জা ফখরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম

ধর্মের নামে বিভাজনের পথ তৈরি করতে চায় একটি গোষ্ঠী: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে সমাজ ও রাষ্ট্রে বিভাজনের পরিবেশ তৈরি করতে চাইছে। তিনি বলেন, বিএনপি ধর্মীয় বিভক্তির রাজনীতিতে বিশ্বাস করে না।

রোববার (৭ ডিসেম্বর) কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, ধর্মের আড়ালে বিভাজন সৃষ্টির পাশাপাশি বিএনপিকে নেতিবাচকভাবে উপস্থাপনের অপচেষ্টা চলছে। একই সঙ্গে তিনি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। দেশীয় ও বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে উল্লেখ করে তিনি বলেন, “দেশবাসী খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন। আমরা বিশ্বাস করি, আল্লাহ তা কবুল করবেন।”

শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কার্যক্রম আরও জোরদার করার তাগিদ দিয়ে তিনি বলেন, ক্যাম্পাসে সক্রিয়তা কম থাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ভালো ফল আসেনি। নতুন চিন্তার আলোকে ছাত্রদলকে গড়ে তোলার তাগিদও দেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাবনা থেকেই ‘দেশ গড়ার কর্মসূচি’ তৈরি হয়েছে জানিয়ে ফখরুল বলেন, পরিবর্তনের দাবি এখন সর্বত্র। পুরোনো রাষ্ট্র কাঠামো সময়োপযোগী নয়—এ উপলব্ধি থেকেই নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের সব প্রতিষ্ঠান দুর্বল করে দিয়েছে। তাই নতুন করে দেশকে আলোকিত করার দায়িত্ব নিয়ে এগোচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের কাছে নতুন চিন্তা তুলে ধরার শুরুতেই ছাত্রদলকে বিশেষ ভূমিকা নিতে হবে।

তারেক রহমান দেড় বছরের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেটিও এই পরিকল্পনার অংশ বলে উল্লেখ করেন ফখরুল। তার মতে, এটি প্রমাণ করে বিএনপি একটি আধুনিক, অগ্রসর রাজনৈতিক দল; কিন্তু বিভিন্ন মহল এখনো দলটিকে নেতিবাচকভাবে তুলে ধরার চেষ্টা করছে।

৩১ দফা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, গ্রামে এ দফাগুলো যথাযথভাবে পৌঁছায়নি। তবে ‘দেশ গড়ার কর্মসূচি’ মানুষের কাছে পৌঁছাতে পারলে ইতিবাচক ফল আসবে।