রাজনীতি

এসএসএফ'র সাবেক ডিজির কাছে তারেক রহমানের দুঃখপ্রকাশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৫৬ পিএম

এসএসএফ'র সাবেক ডিজির কাছে তারেক রহমানের দুঃখপ্রকাশ
ছবি: সংগৃহীত

স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)–এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) ফাতেমী রুমির কাছে বহু বছর আগের এক ব্যক্তিগত ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে এ দুঃখপ্রকাশ করেন তিনি।

তারেক রহমান বলেন, “এটা ব্যক্তিগত একটি প্রসঙ্গ, তবুও এখানে উল্লেখ করতে চাই। রুমি সাহেব আম্মার সময় এসএসএফের ডিজি ছিলেন। তিনি আজ এখানে উপস্থিত আছেন। পুরান ঢাকা থেকে আমিনবাজার পর্যন্ত একটি মিছিল হয়েছিল, যেখানে আমিও হাঁটছিলাম এবং আম্মাও ছিলেন। তখন ভিড় ও বিশৃঙ্খলার মধ্যে আপনি আমাকে কিছু বলেছিলেন, আর আমি আপনার সঙ্গে একটু রূঢ়ভাবে কথা বলেছিলাম। আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত।”

তিনি আরও যোগ করেন, “অনেকদিন ধরে আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি ক্ষমা চাইতে। আজ সুযোগ পেয়ে বলতে চাই, আমি সত্যিই খুব দুঃখিত।”

জবাবে মেজর জেনারেল (অব.) সাদিক হাসান রুমি বলেন, “আপনার এই কথার জন্য আমি কৃতজ্ঞ। ধন্যবাদ। আমি বিষয়টি মনে রাখব।”