রাজনীতি
খালেদা জিয়া সংকটাপন্ন হলেও চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন: ডা. জাহিদ
জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যগত পরিস্থিতি অনুযায়ী তিনি উন্নত ও প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন এবং বর্তমানে চিকিৎসার প্রতি ইতিবাচক সাড়া দিচ্ছেন।
ডাঃ জাহিদ হোসেন বলেন, “দেশনেত্রীকে সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করতে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা সমন্বিতভাবে কাজ করছেন। একজন সংকটাপন্ন রোগীর জন্য যে ধরনের চিকিৎসা প্রয়োজন, সেটিই খালেদা জিয়াকে দেওয়া হচ্ছে।”
চিকিৎসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, যদিও পরিস্থিতি জটিল, তবু প্রত্যাশা অনুযায়ী চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে। প্রতিটি মুহূর্তে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তাঁর সুস্থতার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।