রাজনীতি
এ মাসেই দেশে ফিরবেন তারেক রহমান: ইশরাক
বিএনপি মনোনীত ঢাকা-৬ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, চলতি মাসেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন ঘটবে।
দীর্ঘদিন লন্ডনে অবস্থান করে যিনি দলের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন, তিনি দেশে ফিরে বাংলাদেশকে পুনরায় একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেন ইশরাক।
বুধবার রাজধানীর ওয়ারীর ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করে বলেন, গত ১৭ বছরে জনগণ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, বিচারব্যবস্থা ও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইশরাক হোসেন আশঙ্কা প্রকাশ করে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে কিছু মহল ভোট প্রক্রিয়া বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করতে পারে। তবে তিনি দৃঢ়তার সাথে দাবি করেন, কোনো ষড়যন্ত্রই সফল হবে না। দেশের রাজনীতিতে বিভাজন ও সহিংসতার সংস্কৃতি বন্ধ করে প্রতি পাঁচ বছর অন্তর জনগণকে মুক্তভাবে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, গত কয়েক বছরে বিপুল পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ অপচয় ও পাচার হয়েছে, যা আইনি ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে ফিরিয়ে আনা হবে।
ওয়ারী এলাকার সমস্যাগুলো তুলে ধরে তিনি বলেন, এলাকায় নাজুক সড়কব্যবস্থা, গ্যাস সংকট, নাগরিক সেবার ঘাটতি, ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার এবং নারীদের জন্য নিরাপদ পরিবেশের অভাবসহ নানা সমস্যা বছর ধরে চলমান। এসব বিষয়ে তিনি ইতোমধ্যে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান।
বিএনপির ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক, কল্যাণমুখী ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা সম্ভব বলে মন্তব্য করেন ইশরাক। শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক নিরাপত্তা, মৌলিক অধিকার ও সবার সমান নাগরিক অধিকার নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ওয়ারী থানা বিএনপির সভাপতি আলহাজ লিয়াকত আলী, হাজী বাহাউদ্দিন, দক্ষিণ মহসিন্দি পঞ্চায়েত কমিটির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, ওয়ারী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহসিনসহ স্থানীয় নেতাকর্মীরা।