রাজনীতি
হাদির ওপর ‘গুলি’ নির্বাচনি পরিবেশ বানচালের নীলনকশা: বিএনপি
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলটি দাবি করেছে, এই হামলা কেবল বিচ্ছিন্ন ঘটনা নয়—বরং নির্বাচনী পরিবেশ নষ্ট করার একটি সুপরিকল্পিত নীলনকশা।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, দুপুরে বিপথগামী দুষ্কৃতিকারীদের গুলিতে হাদি গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিবৃতিতে উল্লেখ করা হয়, “এই আক্রমণ একটি অশুভ, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ এবং আসন্ন জাতীয় নির্বাচনকে অস্থির করে তোলার উদ্দেশ্যেই এটি ঘটানো হয়েছে।”
বিবৃতিতে আরও বলা হয়, দেশের একটি চক্র পরিকল্পিতভাবে সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে সমাজে ভয়-আতঙ্ক ছড়িয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। রাজনৈতিক উদ্দেশ্যে উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে বলেও মন্তব্য করে বিএনপি।
রিজভী বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে উদ্ভূত গণতন্ত্রের নতুন যাত্রাকে ব্যাহত করার জন্যই একটি কুচক্রী মহল দেশকে আবারও নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চাইছে। হাদির ওপর হামলা সেই অপতৎপরতারই করুণ প্রকাশ।
বিবৃতিতে জনগণকে নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে বলা হয়, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার সুরক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, নইলে সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠবে।
শেষে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়ে শরিফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করা হয়।