রাজনীতি

হাদিকে গুলির ঘটনা তদন্তে সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি: তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ পিএম

হাদিকে গুলির ঘটনা তদন্তে সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি: তারেক রহমান
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনা তদন্তে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনিস্টিউটে আয়োজিত ‘দেশগড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

তারেক রহমান বলেন, “ঢাকা পল্টনে দুর্বৃত্তদের গুলিতে হাদি গুরুতর আহত হয়েছেন। আমি এই নৃশংস ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি। ছাত্রদলসহ আমাদের সকল কর্মীকে আহ্বান জানাচ্ছি। সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করতে যেন তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুষ্কৃতকারীকে শনাক্ত ও গ্রেপ্তার করতে পারেন।”

তিনি আরও উল্লেখ করেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্র চলছে এবং হাদির ওপর এই হামলা তার প্রমাণ।

জানা গেছে, শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হাদি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন, এবং তার সার্জারি চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথার ভেতরে গুলি অবস্থান করছে।