রাজনীতি
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
দীর্ঘ জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর তিনি লন্ডন থেকে দেশে ফিরবেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে এই তথ্য জানিয়েয়েছেন। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেইজেও এই খবর দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান ঢাকার মাটিতে এসে পৌঁছাবেন। আমার তার আগমনকে শুধু স্বাগতম জানাচ্ছি না, একই সঙ্গে আনন্দের সঙ্গে দেশবাসীর কাছে এ সুখবরটি জানাচ্ছি।
তিনি আরও বলেন, আমরা মনে করি দেশে গণতন্ত্রের পথে যেসব বাধা সৃষ্টি হয়েছে, তারেক রহমানের দেশে ফেরার সঙ্গে সঙ্গে তা দূর হয়ে যাবে।
২০০৭ সালের জানুয়ারিতে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেফতার হয়ে ১৮ মাস কারাবন্দী ছিলেন তারেক রহমান। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার পর শারীরিক নির্যাতনের অভিযোগ তোলে বিএনপি। পরে ১১ সেপ্টেম্বর পরিবারের সঙ্গে লন্ডনের উদ্দেশে দেশ ছাড়েন তিনি এবং দীর্ঘ চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ২০১২ সালে তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন এবং এক বছরের মধ্যেই তা অনুমোদন পায়।
আওয়ামী লীগ সরকারের সময়ে “মামলার ঝুঁকি” থাকায় তারেক রহমান দেশে ফিরতে পারছেন না- এমন অবস্থান বহুবার তুলে ধরেছে বিএনপি। তবে ২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পরও তিনি দেড় বছর দেশে ফিরেননি, ফলে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন ও আলোচনার জন্ম হয়েছিল।
সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা ঘিরে তারেক রহমানের দেশে ফেরার দাবি জোরদার হয়। তার পক্ষ থেকে জানানো হয়েছিল, দেশে ফেরার বিষয়টি কেবল ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভর করে না; আরও জটিল বিষয় যুক্ত আছে। এতে অনেকের মনে সন্দেহ তৈরি হলেও অবশেষে আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করল বিএনপি।