রাজনীতি

হাদির ওপরে হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপরে হামলা: সালাহউদ্দিন আহমদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:১০ পিএম

হাদির ওপরে হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপরে হামলা: সালাহউদ্দিন আহমদ
ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপরে এই হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপরে হামলা বলে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে এই হামলাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বলেও মনে করেন তিনি।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ (শনিবার) প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপর একটি আক্রমণ। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং একটি পেশাদার হামলার নজির। নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পরদিন এই ঘটনা ঘটেছে। তিনি আশা প্রকাশ করেন, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে এবং রাজনৈতিক বিতর্কের মধ্যেও এই ঐক্য ক্ষুণ্ন হবে না।

তিনি জানান, জনগণ ও রাজনৈতিক দলগুলোর সচেতনতা জরুরি, যাতে ভবিষ্যতে এই ধরনের হামলার প্রতিরোধ করা যায়। একই সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানান, সকল রাজনৈতিক নেতার নিরাপত্তা নিশ্চিত করতে।

গতকাল দুপুরে ঢাকার বিজয়নগর এলাকায় ওসমান হাদিকে গুলি করে আহত করা হয়। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা চলছে। চিকিৎসকেরা জানিয়েছেন, হাদির মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশে ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ হয়েছে এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাকে বর্তমানে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে এবং আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

সালাহউদ্দিন বলেন, “পতিত ফ্যাসিবাদ যে কোনোভাবে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারবে না। আমাদের চেতনা হচ্ছে জুলাই-২০২৪ এর গণঅভ্যুত্থানের চেতনাকে উর্ধ্বে তুলে ধরা। এই ঐক্য অটুট রাখতে কোনো আপস হবে না।”