রাজনীতি

মঙ্গলবার লন্ডনে তারেক রহমানের জনসভা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ পিএম

মঙ্গলবার লন্ডনে তারেক রহমানের জনসভা
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে একটি জনসভায় অংশ নেবেন। বিজয় দিবস উপলক্ষে পূর্ব লন্ডনের সিটি প্যাভিলিয়ন হলে এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দেশে ফেরার আগে লন্ডনে এটি হতে পারে তারেক রহমানের সর্বশেষ জনসভা।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান।

যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু বলেন, দেশে ফেরার আগে তারেক রহমানের এই জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা রয়েছে। অনুষ্ঠানটি সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

জনসভায় সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। অনুষ্ঠানটি পরিচালনা করবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।

উল্লেখ্য, ২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর তারেক রহমান গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারামুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।