রাজনীতি
রিল মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে একান্ত সাক্ষাৎ করবেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে রিল মেকিং প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শিরোনামে আয়োজিত এই প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ পাবেন তারেক রহমান।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন। তিনি বলেন, তরুণ প্রজন্মসহ সব বয়সী মানুষের চিন্তা, প্রত্যাশা ও স্বপ্নকে সামনে আনতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপির উদ্যোগে আয়োজিত ‘আমার ভাবনায় বাংলাদেশ’ প্রতিযোগিতার জন্য মোট ১১টি বিষয় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, ক্রীড়া ছাড়াও জাতীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু। দেশে ও বিদেশে অবস্থানরত যে কোনো বয়সের প্রতিযোগী এক মিনিটের একটি রিল তৈরি করে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেইজের নির্ধারিত ইভেন্টে তা পোস্ট করতে পারবেন।
ড. মাহদী আমিন আরও জানান, প্রতিযোগিতায় বিজয়ী নির্বাচন করা হবে দুই ধাপে। এর মধ্যে ৩০ শতাংশ ভোট গণনা করা হবে জনমতের ভিত্তিতে এবং বাকি ৭০ শতাংশ নম্বর প্রদান করবে একটি জুরি বোর্ড। এই প্রক্রিয়ার মাধ্যমে সেরা ১০ জনকে নির্বাচিত করা হবে, যারা পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও একান্ত আলাপের সুযোগ পাবেন।
তিনি বলেন, আজ থেকেই প্রতিযোগিতা শুরু হয়েছে এবং আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত রিল জমা দেওয়া যাবে। এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন, ভাবনা ও জনগণের প্রত্যাশা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য সাইমন পারভেজ, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।