রাজনীতি
খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন শামছুল ইসলাম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম। তাকে দলের ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতেই এই নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। দেশে ফেরাকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেলেও, যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের বিমানবন্দরে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ইতোমধ্যে একটি অভ্যর্থনা কমিটি গঠন করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে কমিটির আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্যসচিব করা হয়েছে। গত সোমবার (১৫ ডিসেম্বর) এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় দলটি।
অন্যদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত ২৩ নভেম্বর হৃদযন্ত্র ও ফুসফুসজনিত জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থায় আরও কিছু সমস্যা দেখা দেয়। চিকিৎসকদের মতে, শরীরের বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতায় সীমাবদ্ধতা তৈরি হয়েছে এবং এ কারণে তাকে বিদেশে নেওয়ার মতো শারীরিক স্থিতিশীলতা এখনো আসেনি।
অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা তদারকি করছে। এদিকে খালেদা জিয়াকে দেখতে ও চিকিৎসার খোঁজখবর নিতে প্রতিদিনই হাসপাতালে যাতায়াত করছেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।