রাজনীতি
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, চিকিৎসা গ্রহণে সক্ষম: ডা. জাহিদ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন, তা বেগম খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
ডা. জাহিদ হোসেন বলেন, চিকিৎসকরা বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আশাবাদী। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং তিনি সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন।
তিনি আরও জানান, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে একাধিক জটিল রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তিনি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
চিকিৎসকরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তার চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলেও ব্রিফিংয়ে জানানো হয়।