রাজনীতি
মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকাল ১১টায় ঢাকায় নামবেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর সকালে ঢাকায় পৌঁছাবেন। দলের চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার জানিয়েছেন, তারেক রহমানকে বহনকারী বিমানটি ওই দিন বেলা ১১টার পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
তিনি আরও জানান, লন্ডন থেকে যাত্রা করে সিলেট হয়ে ঢাকায় আসবেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে থাকবেন তার মেয়ে জাইমা রহমান।
এর আগে, গত ১২ ডিসেম্বর রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবকিছু অনুকূলে থাকলে ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০০৭ সালের জানুয়ারিতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে তারেক রহমান প্রায় ১৮ মাস কারাবন্দি ছিলেন। পরে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি মুক্তি পান এবং এক সপ্তাহ পর, ১১ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় পর তারেক রহমানের এই দেশে ফেরা রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।