রাজনীতি
খালেদা জিয়ার স্বাস্থ্য এক মাসের মধ্যে আজ বেশ স্থিতিশীল: ডা. জাহিদ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য গত এক মাসের মধ্যে সবচেয়ে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
ডা. জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন এবং আল্লাহর রহমতে গত এক মাসে তার শারীরিক অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। “আজ তাকে অপারেশন থিয়েটারে একটি ছোট প্রসিডিউর করা হয়েছে, যা সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি সিসিইউতে, আইসিইউ সুবিধাসম্পন্ন একটি কেবিনে চিকিৎসাধীন আছেন,” তিনি জানান।
চিকিৎসক আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সৈয়দা শারমিলা রহমান, শামীম ইসকান্দারসহ পরিবারের সদস্য এবং দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে যে চিকিৎসা তিনি পাচ্ছেন, তা অব্যাহত রাখার জন্য দোয়া কামনা করা হয়েছে।
ডা. জাহিদ হোসেন বলেন, “আগের অবস্থার তুলনায় এখন তার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং সবার দোয়ায় তার অবস্থার কোনো অবনতি ঘটেনি। তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আইসিইউর সব সুবিধাসহ চিকিৎসাধীন রয়েছেন।”
এর আগে গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে ভর্তি করা হয়। প্রায় এক মাস ধরে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ একাধিক জটিল রোগে ভুগছেন। চলতি বছরের জুনে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। এর আগে চিকিৎসকরা জানিয়েছিলেন, তিনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় ছিলেন।