রাজনীতি

দেশে ফেরার প্রস্তুতি সম্পন্ন: ট্রাভেল পাস হাতে পেলেন তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২ পিএম

দেশে ফেরার প্রস্তুতি সম্পন্ন: ট্রাভেল পাস হাতে পেলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতি সম্পন্ন: ট্রাভেল পাস হাতে পেলেন তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশে ফেরার আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ট্রাভেল পাস হাতে পেয়েছেন তিনি। শুক্রবার (১৯ ডিসেম্বর) তারেক রহমানের মেয়ে জাইমা রহমান এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।

ফেসবুকে জাইমা রহমান লেখেন, “আলহামদুল্লিাহ, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।”

এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে লন্ডনের একটি নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র জানায়, ট্রাভেল পাসের জন্য প্রয়োজনীয় ফরম পূরণ করে অন্য একজনের মাধ্যমে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছিলেন তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই জানিয়েছেন, তিনি আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন। এর আগেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ব্রিফিংয়ে একই তারিখে তারেক রহমানের দেশে ফেরার কথা জানান।

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরবেন তারেক রহমান। নির্ধারিত সূচি অনুযায়ী, বিমানটি ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার জানান, তারেক রহমান তার মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন। ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর তাকে বহনকারী বিমানটি ঢাকায় পৌঁছাবে বলে জানানো হয়েছে।