রাজনীতি
ফরিদপুরে বিএনপির ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
ফরিদপুরের মধুখালী ও বোয়ালমারী উপজেলায় বিএনপির সাত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
রবিবার দিবাগত রাতে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদারেছ আলী ইছা এবং সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট নেতারা ভবিষ্যতে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে চলবেন-এই প্রত্যাশায় তাঁদের বিরুদ্ধে নেওয়া পূর্বের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহারপ্রাপ্ত নেতারা হলেন- বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, মধুখালী উপজেলা বিএনপির সদস্য মো. আরিফুল ইসলাম, রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক নান্নু, জাহাপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আজাদ খান, রায়পুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু জাফর সরদার, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কাজী সিরাজুল ইসলাম এবং নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু বক্কর ছিদ্দিক।
দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও ঐক্যবদ্ধ রাখতে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে জেলা বিএনপি এ সিদ্ধান্ত নিয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ড আরও সুসংহত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
এ বিষয়ে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বহিষ্কারাদেশ প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করে বলেন, দলীয় স্বার্থে ও সংগঠনকে শক্তিশালী করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে সবাইকে শৃঙ্খলার মধ্যে থেকে দলীয় কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।