রাজনীতি

তারেক রহমান দেশে ফেরার দিন ১০ রুটে চলবে ২০টি স্পেশাল ট্রেন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ পিএম

তারেক রহমান দেশে ফেরার দিন ১০ রুটে চলবে ২০টি স্পেশাল ট্রেন
ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াত সহজ করতে আগামী ২৫ ডিসেম্বর ১০টি রুটে ২০টি স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

একইসঙ্গে ওই দিন নিয়মিত চলাচলকারী কয়েকটি ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। এ ব্যবস্থার কারণে স্বল্প দূরত্বের তিনটি কমিউটার ট্রেনের যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী-পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা-রাজশাহী) এবং রোহনপুর কমিউটার (রোহনপুর-রাজশাহী)—এই তিনটি ট্রেনের ২৫ ডিসেম্বরের যাত্রা স্থগিত থাকবে। বিশেষ ট্রেন পরিচালনা ও অতিরিক্ত কোচ সংযোজনের সুবিধার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলওয়ে জানায়, বিএনপির কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয়গুলোর পক্ষ থেকে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মীদের যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ট্রেন ও কোচ বরাদ্দের আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়।

চাহিদা অনুযায়ী যেসব রুটে স্পেশাল ট্রেন চলবে, সেগুলো হলো- কক্সবাজার, জামালপুর, টাঙ্গাইল, ভৈরববাজার, জয়দেবপুর (গাজীপুর), পঞ্চগড়, খুলনা, চাটমোহর, রাজশাহী ও যশোর—ঢাকা রুট।

রেলওয়ে সূত্র জানায়, অতিরিক্ত কোচ সংযোজন ও স্পেশাল ট্রেন পরিচালনার মাধ্যমে আনুমানিক ৩৬ লাখ টাকা রাজস্ব আয় হবে।

তবে এক দিনের জন্য তিনটি ট্রেনের যাত্রা স্থগিত থাকায় সংশ্লিষ্ট যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে রেলপথ মন্ত্রণালয়। পাশাপাশি স্পেশাল ট্রেন ও অতিরিক্ত কোচ ব্যবহারের ক্ষেত্রে নির্বাচনী আচরণ বিধিমালা–২০২৫ যথাযথভাবে অনুসরণ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।