রাজনীতি

তারেক ঝড়ে কাঁপছে ঢাকা: আবাসিক হোটেলে নেই অবশিষ্ট কোনো সিট


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ পিএম

তারেক ঝড়ে কাঁপছে ঢাকা: আবাসিক হোটেলে নেই অবশিষ্ট কোনো সিট
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় এখন সাজ সাজ রব। 

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ মানুষের স্রোতে স্থবির হয়ে পড়েছে ঢাকার আবাসন ব্যবস্থা। উত্তরার অভিজাত হোটেল থেকে শুরু করে ফকিরাপুলের মেস—কোথাও এখন একটি সিট মেলাও ভার।বিএনপি নেতাদের প্রত্যাশা, তারেক রহমানের গণসংবর্ধনায় প্রায় ৫০ লাখ মানুষের সমাগম ঘটবে।

এই বিশাল জনস্রোতের একটি বড় অংশ ইতোমধ্যে ঢাকায় ঢুকে পড়েছে। রাজধানীর উত্তরা, বনানী, মহাখালী ও ৩০০ ফুট সংলগ্ন এলাকাগুলোর হোটেলগুলো গত দুদিন ধরেই বুকড।

পল্টন ও ফকিরাপুল এলাকার হোটেল ব্যবসায়ীরা জানান, তাদের সব রুম এখন ‘হাউসফুল’। বাংলাদেশ হোটেল ও গেস্ট হাউজ ওনার অ্যাসোসিয়েশনের তথ্যমতে, ঢাকার ৪-৫ লাখ মানুষের ধারণক্ষমতাসম্পন্ন প্রায় ৪ হাজার হোটেল-গেস্ট হাউজের কোনোটিতেই এখন আর নতুন করে রুম পাওয়ার সুযোগ নেই।

হোটেলে জায়গা না পেয়ে চরম বিপাকে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা নেতাকর্মীরা। কুড়িগ্রাম ও সাতক্ষীরা থেকে আসা কর্মীরা জানান, কোথাও রুম না পেয়ে তারা ঢাকার মেসে থাকা পরিচিত শিক্ষার্থী বা আত্মীয়-স্বজনদের বাসায় ভিড় করছেন। অনেককে আবার বাসের ভেতরেই রাত কাটাতে দেখা গেছে।

দীর্ঘদিনের মন্দা কাটিয়ে তারেক রহমানের ফেরা উপলক্ষে রাজধানীর হোটেল ব্যবসা হঠাৎ করেই চাঙ্গা হয়ে উঠেছে। তবে এই সুযোগে কিছু কিছু হোটেলে স্বাভাবিকের চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগও তুলেছেন সাধারণ কর্মীরা। বিশেষ করে ৩০০ ফুট এবং বিমানবন্দর সংলগ্ন হোটেলগুলোতে মানুষের চাপ সবচেয়ে বেশি।

এদিকে পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় তারেক রহমানের জন্য তৈরি হয়েছে বিশাল গণসংবর্ধনা মঞ্চ। মঞ্চের কাজ দেখতে আজ বুধবার থেকেই সেখানে হাজার হাজার নেতাকর্মী ভিড় করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপির নিজস্ব স্বেচ্ছাসেবক কর্মীরাও সেখানে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন।