রাজনীতি
ঝিনাইদহ-১ থেকে বিএনপির মনোনয়ন পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বর্তমান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) শৈলকুপা উপজেলা বিএনপির নেতাকর্মীরা ঝিনাইদহ-১ আসনে মো. আসাদুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারীর কাছ থেকে মনোনয়নপত্র নেওয়া হয়।
উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন মো. আসাদুজ্জামান। চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে পরিচিত।
ঝিনাইদহ-১ আসনটি শৈলকুপা উপজেলা নিয়ে গঠিত, যেখানে একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন রয়েছে। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬২ হাজার ৯৯৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ২৭৫ জন।
নির্বাচনী ইতিহাসে দেখা যায়, ১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী অধ্যক্ষ মো. কামরুজ্জামান সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯১ সালে এবং ১৯৯৬ সালের উভয় নির্বাচনে (১৫ ফেব্রুয়ারি ও ২ জুন) বিএনপির প্রার্থী আব্দুল ওহাব জয় লাভ করেন। তবে ২০০১ সালের পর থেকে আসনটি দীর্ঘদিন আওয়ামী লীগের দখলে ছিল।