রাজনীতি
তারেক রহমান দেশে ফিরে প্রথম তিন দিন কোথায় যাবেন, কর্মসূচি জানাল বিএনপি
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। দেশে ফেরার পর প্রথম তিন দিন তার ব্যস্ত কর্মসূচি থাকছে বলে জানিয়েছে বিএনপি।
বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ তারেক রহমানের প্রাথমিক কর্মসূচির একটি ধারণা দেন।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর দলের জ্যেষ্ঠ নেতারা তাকে স্বাগত জানাবেন। সেখান থেকে তিনি জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে পূর্বাচল ৩০০ ফিট সড়কে নির্ধারিত সংবর্ধনাস্থলে যাবেন। সেখানে উপস্থিত নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে এবং দেশবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন তারেক রহমান।
সংবর্ধনা শেষে তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। এরপর বিমানবন্দর সড়ক ও কাকলী মোড় হয়ে গুলশান-২ এ তার বাসভবনে ফিরবেন। প্রথম দিন আর কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাবেন। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
শনিবার (২৭ ডিসেম্বর) তিনি ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানাতে যাবেন। একই দিন তিনি জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ চিকিৎসাধীন ব্যক্তিদের দেখতে যাওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৮ সালে কারামুক্ত হয়ে তারেক রহমান সপরিবারে যুক্তরাজ্যে যান এবং দীর্ঘদিন সেখানেই অবস্থান করেন। তার স্ত্রী ডা. জোবাইদা রহমান একাধিকবার দেশে এলেও এই সময়ের মধ্যে তারেক রহমান দেশে ফিরতে পারেননি।