রাজনীতি

হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান, মধ্যরাতে ছাড়বে ফ্লাইট


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম

হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান, মধ্যরাতে ছাড়বে ফ্লাইট
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টার পর তিনি পরিবারের সদস্যদের সঙ্গে বিমানবন্দরে যান।

বাংলাদেশ বিমানের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমানসহ পরিবারের মোট পাঁচ সদস্যকে নিয়ে তিনি লন্ডন ত্যাগ করছেন। মধ্যরাতে ফ্লাইটটি যাত্রা করার কথা রয়েছে।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘ যাত্রাপথে সিলেটে যাত্রাবিরতির পর আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন।

এদিকে বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারেক রহমানের তিন দিনের কর্মসূচির কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, বিমানবন্দরে পৌঁছানোর পর দলের জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর তিনি জুলাই এক্সপ্রেসওয়ে বা ৩০০ ফিট সড়ক হয়ে সংবর্ধনাস্থলে যাবেন। সেখানে অপেক্ষমাণ নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন। পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং সেখান থেকে গুলশান-২ নম্বরে বাসভবনে ফিরে আসবেন। ওই দিন আর কোনো কর্মসূচি নেই।

সালাহউদ্দিন আহমদ আরও জানান, ২৬ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর তারেক রহমান শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

তিনি বলেন, ২৭ ডিসেম্বর শনিবার আরও দুটি কর্মসূচি রয়েছে। ওই দিন জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করবেন তারেক রহমান। এ জন্য তিনি আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে সশরীরে যাবেন কি না, তা পরে জানানো হবে। একই দিন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন।

কবর জিয়ারত শেষে তারেক রহমান শ্যামলীর পঙ্গু হাসপাতালে গিয়ে জুলাই গণ–অভ্যুত্থানে আহতদের খোঁজখবর নেবেন। এরপর আরও একটি কর্মসূচি রয়েছে, যার বিস্তারিত পরে জানানো হবে বলে জানান সালাহউদ্দিন আহমদ।