রাজনীতি

বিশ্ব গণমাধ্যমে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০২:১৭ পিএম

বিশ্ব গণমাধ্যমে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন
ছবি: সংগৃহীত

দেড় যুগের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তন শুধু দেশের গণমাধ্যমেই নয়, বরং রয়টার্স, এএফপি, আল জাজিরা, এনডিটিভি ও বিবিসিসহ প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্বের সঙ্গে প্রকাশ পেয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রয়টার্স প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ছিল- “ভোটের আগে নির্বাসন থেকে ফিরলেন শীর্ষ প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বিবেচিত বাংলাদেশ নেতা”। প্রতিবেদনে বলা হয়, প্রায় ১৭ বছরের নির্বাসন শেষে ঢাকায় ফিরেছেন তারেক রহমান। তার প্রত্যাবর্তনে বিএনপির সমর্থকরা নতুনভাবে উদ্দীপ্ত হবে বলে দলটি আশা করছে। রয়টার্স আরও উল্লেখ করে, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তাকে প্রধানমন্ত্রী পদের অন্যতম শীর্ষ প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদনে ঢাকায় লাখো সমর্থকের উপস্থিতি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার কথাও তুলে ধরা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শিরোনাম করে, “খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বাংলাদেশে ফিরলেন: নির্বাসনের সময় যেমন ছিল”। এতে তার দেশে ফেরাকে কেন্দ্র করে সারা দেশ থেকে মানুষের নজিরবিহীন ঢলের কথা উল্লেখ করা হয়। পাশাপাশি ২০০৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত তারেক রহমানকে ঘিরে রাজনৈতিক ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করা হয়।

ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের প্রতিবেদনে শিরোনাম দেয়— “খালেদা জিয়ার উত্তরসূরি ১৭ বছর পর নির্বাসনের অবসান ঘটিয়ে দেশে ফিরলেন”। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ক্ষমতায় থাকা একটি রাজনৈতিক পরিবারের উত্তরসূরি ও শক্তিশালী বিরোধী দলের নেতা হিসেবে তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথাও এতে উল্লেখ করা হয়।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা শিরোনাম করে, “১৭ বছরের নির্বাসন শেষে ফিরলেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা তারেক রহমান”। প্রতিবেদনে তার রাজনৈতিক পরিচিতি, দেশে ফেরার পটভূমি এবং বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপট তুলে ধরা হয়।

এদিকে বিবিসি বাংলা তার ওয়েবসাইটে লাইভ আপডেটের মাধ্যমে খবরটি প্রকাশ করে। শিরোনাম ছিল, “১৭ বছর পর ঢাকায় তারেক রহমান”। প্রতিবেদনে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ নির্বাসন শেষে দেশের মাটিতে ফিরেছেন এবং ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা স্বাগত জানান।

বিশ্ব গণমাধ্যমে এই ব্যাপক প্রচার তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে তুলে ধরেছে।