রাজনীতি
বাসে করে সংবর্ধনাস্থলে যাচ্ছেন তারেক রহমান, হাত নেড়ে জানাচ্ছেন অভিবাদন
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ঢাকার ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বাসে করে তিনি সংবর্ধনাস্থলের পথে যাত্রা শুরু করেন।
বাসটির সামনের অংশে দাঁড়িয়ে তারেক রহমান হাত নেড়ে রাস্তার দুপাশে অবস্থান করা নেতাকর্মী ও সমর্থকদের অভিবাদনের জবাব দিতে থাকেন। কিছু সময়ের মধ্যেই তিনি সংবর্ধনা মঞ্চে পৌঁছাবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
এর আগে পৌনে ১২টার কিছু আগে তারেক রহমানকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিএনপির মিডিয়া সেলের প্রচারিত লাইভ ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের দরজা দিয়ে বেরিয়ে খোলা স্থানে দাঁড়িয়ে তিনি মাটিতে হাত ছুঁয়ে দেখেন। পরে জুতা খুলে কিছুক্ষণ খালি পায়েও দাঁড়িয়ে থাকেন তিনি।
বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়ের পর তিনি বাসে ওঠেন। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বাসটি ৩০০ ফিট এলাকার সংবর্ধনাস্থলের দিকে রওনা হয়।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে চিকিৎসাধীন তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এরপর সেখান থেকে বিমানবন্দর সড়ক হয়ে গুলশান-২ এ নিজ বাসভবনে ফিরবেন। এদিন আর কোনো কর্মসূচিতে অংশ নেওয়ার কথা নেই তার।