রাজনীতি
আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান তারা, যেখানে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে।
তিনি বলেন, “আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই—যে বাংলাদেশ একজন মা তার সন্তানের জন্য কল্পনা করেন। যেখানে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারে এবং নিরাপদে ঘরে ফিরে আসতে পারে।”
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, “১৯৭১ সালে যেমন দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জন করেছিল, তেমনি ২০২৪ সালেও সর্বস্তরের মানুষ এক হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে।” তারেক রহমানের ভাষ্য, আজ দেশের মানুষ কথা বলার অধিকার ও গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়।
দেশ গঠনে ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এখন সময় এসেছে সবাই মিলে নতুনভাবে বাংলাদেশ গড়ার। পাহাড়-সমতল, মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান—সবাইকে নিয়ে একটি নিরাপদ রাষ্ট্র গড়াই তাদের লক্ষ্য। তিনি বলেন, “এমন বাংলাদেশ চাই, যেখানে নারী, পুরুষ, শিশু—যেই হোক না কেন, ঘর থেকে বের হলে নিরাপদ থাকবে এবং নিরাপদেই ফিরে আসতে পারবে।”
এদিন, বিকেল ৩টা ৫০ মিনিটে রাজধানীর ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে পৌঁছান তারেক রহমান। গণসংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীদের পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।