রাজনীতি
মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান
চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য শেষ করে সরাসরি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন তিনি।
এর আগে দুপুর ১২টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ বাসে করে ৩০০ ফিটের সংবর্ধনাস্থলের পথে যাত্রা শুরু করেন তারেক রহমান। পথে রাস্তার দুপাশে অবস্থান নেওয়া দলীয় নেতাকর্মীরা হাত নেড়ে তাকে স্বাগত জানান। প্রায় ৩ ঘণ্টা ১৫ মিনিট পর তিনি সংবর্ধনা মঞ্চে পৌঁছান।
এরও আগে, দুপুর ১১টা ৪৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরেন তিনি।
ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্নের পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল দিয়ে তাকে স্বাগত জানান। পরে দলের স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কুশল বিনিময় ও আলিঙ্গন করেন তারেক রহমান।
এ সময় তার শাশুড়ি তাকে ফুলের মালা পরিয়ে দেন। সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা।
পরবর্তীতে তারেক রহমান বিমানবন্দর থেকে ৩০০ ফিটের উদ্দেশে রওনা হন। অন্য একটি গাড়িতে করে তার স্ত্রী, কন্যা ও পরিবারের সদস্যরা গুলশানের বাসভবনের দিকে যান।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রায় এক ঘণ্টা যাত্রাবিরতির পর ঢাকার উদ্দেশে রওনা হয় বিমানটি। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (ফ্লাইট নম্বর বিজি-২০২) উড়োজাহাজটি স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার পথে যাত্রা শুরু করে।