রাজনীতি
আইনশৃঙ্খলা বাহিনী ও দেশবাসীকে ধন্যবাদ জানালেন তারেক রহমান
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে তাকে অভ্যর্থনা জানাতে আসা দেশবাসীসহ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুদূর লন্ডন থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর ৩০০ ফিট এলাকা পর্যন্ত বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে এক ঐতিহাসিক অভ্যর্থনা অনুষ্ঠিত হয়। এদিন ঢাকার বিভিন্ন সড়ক ও সংবর্ধনাস্থল জনসমুদ্রে পরিণত হয়। এই অভ্যর্থনায় অংশ নেওয়া দেশবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারেক রহমান।
এছাড়া ঢাকা মহানগরীসহ সারাদেশ থেকে আগত বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অভ্যর্থনা অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালনকারী সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশসহ অন্যান্য নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এদিনের অভ্যর্থনা অনুষ্ঠান কাভার করা গণমাধ্যমকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান।