রাজনীতি

এভারকেয়ারে মাকে দেখে গুলশানের বাড়িতে তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ পিএম

এভারকেয়ারে মাকে দেখে গুলশানের বাড়িতে তারেক রহমান
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন জীবন শেষে দেশে ফিরে অবশেষে গুলশানের নিজ বাসভবনে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে তিনি গুলশান-২ এলাকার ১৯৬ নম্বর বাসায় প্রবেশ করেন।

এ সময় রাস্তার দুপাশে অবস্থান নেওয়া হাজারো নেতাকর্মী ‘স্বাগতম তারেক রহমান’ স্লোগানে এলাকা মুখরিত করে তোলে। নেতাকর্মীদের উচ্ছ্বাস ও আবেগঘন পরিবেশের মধ্যেই বাসভবনে পৌঁছান তিনি।

এর আগে সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেন তারেক রহমান। সেখানে তিনি অসুস্থ মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন এবং কিছু সময় কাটান। সন্ধ্যা ৫টা ৫২ মিনিটের দিকে তিনি হাসপাতালে পৌঁছান। এ সময় তার সঙ্গে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারেক রহমানের আগে হাসপাতালে যান তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

এরও আগে দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখানে লাখো মানুষের উপস্থিতিতে দেওয়া বক্তব্যে তিনি দেশের গণতন্ত্র রক্ষা, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা এবং ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরেন।

গণসংবর্ধনা অনুষ্ঠান শেষ করেই তিনি মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন।