রাজনীতি

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯ এএম

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশব্যাপী বিশেষ দোয়া কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে ঢাকাসহ সারাদেশের মসজিদে মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এই দোয়া কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিএনপির উদ্যোগে রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

এতে আরও উল্লেখ করা হয়, বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী ছাড়াও সাধারণ জনগণকে এই দোয়া কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হচ্ছে।

দলীয় নেতারা আশা প্রকাশ করেন, এই কর্মসূচির মাধ্যমে দেশনেত্রীর সুস্থতা এবং দলের রাজনৈতিক ঐক্য ও ভবিষ্যৎ সংগ্রামের জন্য দেশবাসীর সম্মিলিত দোয়া ও সমর্থন প্রতিফলিত হবে।