রাজনীতি

বাবার কবর জিয়ারত করতে জিয়া উদ্যানের পথে তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ পিএম

বাবার কবর জিয়ারত করতে জিয়া উদ্যানের পথে তারেক রহমান
ছবি: সংগৃহীত

দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে রাজধানীর জিয়া উদ্যানে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল তিনটার কিছু আগে তিনি গুলশানের বাসভবন থেকে জিয়া উদ্যানের উদ্দেশে রওনা হন। সেখানে তিনি তার বাবার কবর জিয়ারতের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবেন।

বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে বিকেল ২টা ৫৬ মিনিটে দেওয়া এক পোস্টে তারেক রহমানের এই কর্মসূচির কথা জানানো হয়।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই জিয়া উদ্যান এলাকায় বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

জিয়া উদ্যান থেকে কবর জিয়ারত শেষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, তারেক রহমানের সফর উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে পূর্ণ আয়োজন করা হয়েছে—মাশাআল্লাহ।”

সরেজমিনে দেখা গেছে, স্মৃতিসৌধ এলাকাকে সাজিয়ে-গুছিয়ে রাখা হয়েছে। পাশাপাশি সেখানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আশপাশের এলাকায় সাধারণ মানুষের চলাচলে কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার জাতীয় স্মৃতিসৌধ কমপ্লেক্সের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করা হয়। লেকের পানিও পরিষ্কার করা হয়েছে। অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে এক হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।