রাজনীতি

১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান (ভিডিও)


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম

১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান (ভিডিও)
১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৯ বছর পর বাবা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পরদিনই তিনি বাবার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া-মোনাজাতে অংশ নেন। আবেগঘন এই সময়ে কবরের পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়ার মাজারে পৌঁছে কবর জিয়ারত সম্পন্ন করেন তারেক রহমান।

jiarot_Dhakaprokash.jpg

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এর আগে ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে সর্বশেষ এখানে শ্রদ্ধা নিবেদন করেছিলেন তারেক রহমান। পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতি ও দীর্ঘ প্রবাস জীবনের কারণে আর তার এখানে আসা হয়নি।

এর আগে বৃহস্পতিবার ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরেন তারেক রহমান। সেদিন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় দলের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তিনি। এরপর অসুস্থ মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে নিজ বাসভবনে ফেরেন।

আজ দুপুর থেকেই তারেক রহমানের কবর জিয়ারতকে কেন্দ্র করে চন্দ্রিমা উদ্যান ও মাজার এলাকায় বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ব্যানার ও ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মী সেখানে জড়ো হন। সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি, আনসারসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

জিয়ারতের সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা।

কবর জিয়ারত শেষে তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কর্মসূচি রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।