রাজনীতি
বাবার কবর জিয়ারত শেষে স্মৃতিসৌধে যাচ্ছেন তারেক রহমান
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বাবার কবর জিয়ারত শেষে সাভারের উদ্দেশে রওনা হন তিনি। এ সময় তার সঙ্গে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তারেক রহমানের সফরকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাভার জাতীয় স্মৃতিসৌধসহ ঢাকা–আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও বিজিবির ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
এর আগে দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। পরে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রটোকলের মধ্যে বুলেটপ্রুফ বাসে করে তিনি পূর্বাচল ৩০০ ফিট এলাকার মঞ্চে যান।
এ সময় রাস্তার দুই পাশে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমানকে একনজর দেখার জন্য ভিড় করেন অসংখ্য মানুষ। প্রত্যাবর্তনের এই দিনটিকে স্মরণীয় করে রাখতে নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।