রাজনীতি
৩০০ ফিটের সব বর্জ্য পরিষ্কার করল বিএনপি
দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনার পর রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় ছড়িয়ে পড়া সব বর্জ্য পরিষ্কার করা হয়েছে। বিএনপির উদ্যোগে পরিচালিত বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে এসব বর্জ্য অপসারণ সম্পন্ন করা হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে উল্লেখ করা হয়, জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট মহাসড়ক), এয়ারপোর্ট রোড এবং আশপাশের এলাকায় জমে থাকা সব ধরনের বর্জ্য পরিষ্কার করেছে বিএনপি।
সকাল থেকেই পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে, বিমানবন্দর সড়ক ও সংলগ্ন এলাকাগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। এ সময় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি সমাবেশের কারণে ক্ষতিগ্রস্ত গাছ পুনরায় রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
তিনি বলেন, “আমাদের নেতাকর্মীদের পাশাপাশি প্রায় ৩৫০ জন শ্রমিক এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন। সারাদিন ধরে বর্জ্য অপসারণের কাজ চলবে। প্রয়োজনে আগামীকালও এই কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে যেসব গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো পুনরায় লাগানো হবে।”
উল্লেখ্য, বৃহস্পতিবার লন্ডন থেকে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি দেখা যায়। ঐতিহাসিক এই জনসমাগমে রাজধানীর বড় একটি অংশ জনসমুদ্রে পরিণত হয়।
পরে বিকেলে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের (৩০০ ফিট) বিশাল গণসংবর্ধনায় বক্তব্য দেন তারেক রহমান। সেখানে তিনি দেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।