রাজনীতি

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার কিছু পর তিনি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

দীর্ঘ দেড় যুগের নির্বাসন শেষে দেশে ফেরার দ্বিতীয় দিনে শুক্রবার দুপুরে তারেক রহমান প্রথমে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতে যান। গুলশান থেকে শেরেবাংলানগরের জিয়া উদ্যান পর্যন্ত পুরো পথজুড়ে হাজারো নেতাকর্মী তাকে স্বাগত জানান। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে একনজর দেখতে পেরে উচ্ছ্বসিত হয়ে ওঠেন তারা।

পথে পথে নেতাকর্মীদের অভিবাদনের জবাবে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। জনস্রোত পেরিয়ে বিকেল পৌনে ৫টার দিকে তিনি জিয়া উদ্যানে পৌঁছান। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে বাবার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তিনি ফাতেহা পাঠ করেন এবং দোয়া-মোনাজাতে অংশ নেন। মোনাজাতে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।

জিয়া উদ্যান থেকে বের হয়ে বিকেল ৫টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন তারেক রহমান। পথে বিভিন্ন স্থানে মানুষের ঢল নামে। জনসমাগম সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হিমশিম খেতে দেখা যায়।

অবশেষে রাত ১০টার কিছু পর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।