রাজনীতি

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান (ভিডিও)


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ এএম

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান (ভিডিও)
শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন শহীদ হাদির সমাধিতে পৌঁছে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত তার বাসভবন থেকে তারেক রহমানের গাড়িবহর রওনা দেয়।

তারেক রহমানের এই কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের পাদদেশে উপস্থিত ছিলেন।

একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। টিএসসি থেকে শহীদ ওসমান হাদির কবর পর্যন্ত এলাকায় দুই স্তরের ব্যারিকেড বসানো হয় এবং সেখানে পুলিশের কড়া নজরদারি দেখা গেছে। পাশাপাশি শাহবাগ দিক থেকেও অতিরিক্ত ব্যারিকেড স্থাপন করা হয়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির নিকটে দাফন করা হয়।