রাজনীতি

৩০০ ফিটের ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষরোপণ করলো বিএনপি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:০৪ পিএম

৩০০ ফিটের ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষরোপণ করলো বিএনপি
৩০০ ফিটের ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষরোপণ করলো বিএনপি। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) ও বিমানবন্দর সড়কের যেসব অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও দলের ক্রীড়া সম্পাদক আমিনুল হক। এ সময় তাঁর সঙ্গে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বৃক্ষরোপণের পাশাপাশি সড়ক ও আশপাশের এলাকা থেকে ব্যানার ও ফেস্টুন অপসারণ করে পরিচ্ছন্নতা কার্যক্রমও পরিচালনা করা হয়।

কর্মসূচিতে বক্তব্যে আমিনুল হক বলেন, অপপ্রচার বা ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। তিনি দাবি করেন, জনগণের কল্যাণে ইতিবাচক সব কর্মকাণ্ডে বিএনপি আগের মতোই সক্রিয় থাকবে এবং দেশবিরোধী অপশক্তির জবাব জনগণই ভোটের মাধ্যমে দেবে।

পরিবেশ সংরক্ষণ ও নগর পরিচ্ছন্নতাকে রাজনৈতিক দায়িত্বের অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি শুধু রাজনৈতিক আন্দোলন নয়, সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতার জায়গা থেকেও দায়িত্বশীল ভূমিকা পালন করছে।

কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত সড়ক ও সংলগ্ন এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় স্থানীয় নেতাকর্মীসহ ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।