রাজনীতি

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ পিএম

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) এ মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে তারেক রহমানের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো।

সকালে আনুমানিক ১১টা ১০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

এর আগে বগুড়া-৬ আসন থেকেও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। দলীয় সূত্রগুলো বলছে, একাধিক আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত কোন আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন- সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দলীয় আলোচনার মাধ্যমে।

বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করার পর দলের সিনিয়র নেতারা তারেক রহমানকে এই আসন থেকেই নির্বাচন করার অনুরোধ জানান। রাজধানীর গুরুত্বপূর্ণ ও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এই আসন থেকে নির্বাচন করলে জাতীয় রাজনীতিতে তা বিশেষ বার্তা দেবে বলে মনে করছেন তারা।

এদিকে বিষয়টি জানার পর তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে ঢাকা-১৭ আসন ছেড়ে ভোলা-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। এ সিদ্ধান্তকে রাজনৈতিক সৌজন্য ও সমঝোতার দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এর আগে শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) উপস্থিত হয়ে ভোটার হওয়ার চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করেন তারেক রহমান। তিনি ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডের (গুলশান এলাকা) ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেন।

তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে কোনো আইনগত জটিলতা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বার্তা সংস্থা বাসসকে বলেন, ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন যেকোনো ব্যক্তিকে যেকোনো সময় ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে। ফলে তারেক রহমানের ভোটার হতে কোনো বাধা নেই।