রাজনীতি

কর্মসংস্থান সৃষ্টি ও উন্নয়নই হবে প্রধান অগ্রাধিকার: মির্জা ফখরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮ পিএম

কর্মসংস্থান সৃষ্টি ও উন্নয়নই হবে প্রধান অগ্রাধিকার: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষা, রক্তপাত ও নির্যাতনের মধ্য দিয়ে দীর্ঘদিন পর বাংলাদেশের মানুষ আবারও ভোটাধিকার ফিরে পেয়েছে।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে রিটার্নিং অফিসার ইশরাত ফারজানার কাছে ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাকে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে জনগণের সেবা করার এই সুযোগ করে দিয়েছেন।”

তিনি আরও বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনে যদি আমরা নির্বাচিত হতে পারি, তাহলে ঠাকুরগাঁও অঞ্চলের সার্বিক উন্নয়নে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, সামাজিক পরিবেশ উন্নয়ন এবং মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে আমরা কার্যকর পদক্ষেপ নেব।”

কৃষকদের সমস্যার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “এই অঞ্চলের কৃষকদের যেসব সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে সমাধানের জন্য আমরা আন্তরিকভাবে কাজ করব। কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করাই হবে আমাদের অন্যতম লক্ষ্য।”

আগামী নির্বাচনে ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “আমি এই এলাকার জনগণের কাছে বিনীত আবেদন জানাচ্ছি-আগের মতোই আপনারা আমাকে সমর্থন দিন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে সহযোগিতা করুন। আল্লাহ তায়ালার কাছে দোয়া করি, তিনি যেন আমাদের সেই তৌফিক দেন, যাতে আমরা মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারি।”

তিনি শেষে বলেন, জনগণের দোয়া ও সহযোগিতাই আগামী দিনে বিএনপির এগিয়ে চলার প্রধান শক্তি হবে।