রাজনীতি

দেড় যুগ পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২৯ পিএম

দেড় যুগ পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পা রাখলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে তিনি গুলশানের বাসভবন থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন।

তারেক রহমানের আগমনকে ঘিরে নয়াপল্টন এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। রাস্তার দুই পাশে অবস্থান নেওয়া হাজার হাজার নেতাকর্মী স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। পরে দলীয় কার্যালয়ে পৌঁছালে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন।

এই উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে বর্ণিল সাজে সাজানো হয়। সকাল থেকেই নয়াপল্টন এলাকায় দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। তাদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য।

নিরাপত্তার দিকটি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ ছিল নিয়ন্ত্রিত এবং পুরো ভবনটি সিএসএফ সদস্যদের ঘেরাও করে রাখা হয়। একই সঙ্গে নয়াপল্টন এলাকা জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি ছিল। তারেক রহমানের আগমনের আগে র‌্যাবের ডগ স্কোয়াড দিয়ে কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়।

উল্লেখ্য, দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে রোববার (২৮ ডিসেম্বর) প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন তারেক রহমান। এর পরদিন তিনি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত হন।