রাজনীতি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ এএম

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন
বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।

দীর্ঘ সময় ধরে বেগম খালেদা জিয়া একাধিক গুরুতর শারীরিক জটিলতায় ভুগছিলেন। হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি সমস্যাসহ নানা রোগে আক্রান্ত ছিলেন তিনি। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিক্যাল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার পরিকল্পনাও করা হয়েছিল, তবে শারীরিক অবস্থার অবনতি ঘটায় শেষ পর্যন্ত তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন। তিনি ১৯৯১ সাল থেকে তিন দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকারপ্রধান হিসেবে ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছেন।

১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলায় তার জন্ম। তার পিতা ইস্কান্দার মজুমদার ও মাতা তৈয়বা মজুমদার। দেশভাগের পর তাঁর বাবা ভারতের জলপাইগুঁড়ি থেকে তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে আসেন। তাদের আদি নিবাস ছিল ফেনী জেলায়। বেগম খালেদা জিয়া দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে অধ্যয়ন করেন। ১৯৬০ সালে তিনি তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানকে বিয়ে করেন।

রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম রাষ্ট্রপ্রধান হওয়ার পর বেগম খালেদা জিয়া ফার্স্ট লেডি হিসেবে তার সঙ্গে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে অংশ নেন। এ সময় তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার, নেদারল্যান্ডসের রানি জুলিয়ানা সহ আন্তর্জাতিক অঙ্গনের বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎ করেন।

১৯৮১ সালে এক ব্যর্থ অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হন বেগম খালেদা জিয়া। ১৯৮২ সালের ২ জানুয়ারি তিনি বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দেন। পরবর্তীতে ১৯৮৩ সালের মার্চে ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া একটি ব্যতিক্রমী রেকর্ডের অধিকারী। তিনি কখনো কোনো সংসদীয় আসনে পরাজিত হননি। ১৯৯১ থেকে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি পাঁচটি ভিন্ন আসন থেকে নির্বাচিত হন। এছাড়া ২০০৮ সালের নির্বাচনেও যে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তার সবকটিতেই বিজয় অর্জন করেন।