রাজনীতি

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনব্যাপী শোক পালন করবে বিএনপি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:১০ এএম

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনব্যাপী শোক পালন করবে বিএনপি
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ৭ দিনব্যাপী শোক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ঘোষিত শোক কর্মসূচির অংশ হিসেবে আগামী সাত দিন বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। একই সঙ্গে দলের প্রতিটি কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

রিজভী আরও জানান, দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন ও গুলশান কার্যালয়ে শোক বই খোলা হবে, যেখানে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। দাফন ও কাফনের সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।