রাজনীতি
মায়ের মরদেহ দেখে হাসপাতাল ছাড়লেন বিষন্ন তারেক রহমান
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলে দলে জড়ো হতে থাকেন। শোকের ভারে সেখানে উপস্থিত নেতাকর্মীদের অনেককেই বিমর্ষ ও বাকরুদ্ধ অবস্থায় দেখা যায়।
এদিকে, সোমবার রাতেই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে যান। তারেক রহমানের উপস্থিতিতেই চিকিৎসকরা খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন।
মায়ের মরদেহ দেখার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা ৮ মিনিটে এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেন তারেক রহমান। এ সময় তাকে গভীরভাবে বিষণ্ন ও বিমর্ষ দেখা যায়। গাড়ির সামনের আসনে বসে নীরবে হাসপাতাল এলাকা ত্যাগ করেন তিনি।
সকালের পর থেকেই সরেজমিনে দেখা যায়, এভারকেয়ার হাসপাতালের প্রধান ফটকের সামনে বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। অনেকেই কান্নায় ভেঙে পড়ে মাটিতে লুটিয়ে পড়েন, কেউ কেউ আবার একে অপরকে জড়িয়ে ধরে অশ্রুসিক্ত হয়ে পড়েন। প্রিয় নেত্রীর মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না দলটির নেতাকর্মীরা।
নেতাকর্মীদের আহাজারি ও বিলাপে হাসপাতাল চত্বরে এক আবেগঘন ও শোকাচ্ছন্ন পরিবেশের সৃষ্টি হয়।