রাজনীতি
মায়ের মরদেহের পাশে কোরআন তেলাওয়াত করলেন তারেক রহমান
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ গুলশানে তার ছেলে তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় পতাকায় আচ্ছাদিত অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ বের করা হয়।
সকাল সোয়া ৯টার দিকে মরদেহবাহী গাড়ি গুলশানে পৌঁছালে সেখানে শোকের আবহ সৃষ্টি হয়। বাসভবনে পরিবারের সদস্য, স্বজন এবং বিএনপির নেতাকর্মীরা শেষবারের মতো শ্রদ্ধা জানাতে জড়ো হন।
এ সময় কফিনের পাশে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করতে দেখা যায় তার বড় ছেলে তারেক রহমানকে। তার সঙ্গে ছিলেন কন্যা জাইমা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা। দলীয় নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।