রাজনীতি

খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে শেখ হাসিনা মুক্তি পাবে না: নজরুল ইসলাম খান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ পিএম

খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে শেখ হাসিনা মুক্তি পাবে না: নজরুল ইসলাম খান
নজরুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা কখনোই মুক্তি পাবেন না। তার দাবি, বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ না দেওয়ার কারণেই খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তাকে মৃত্যুর কাছে হার মানতে হয়।

বুধবার (৩১ ডিসেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজার আগে তার সংক্ষিপ্ত জীবনী পাঠের সময় তিনি এসব মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান বলেন, ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে দুই বছরেরও বেশি সময় মিথ্যা মামলায় কারাগারে বন্দি ছিলেন খালেদা জিয়া। ওই সময় পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তিনি বলেন, “সমগ্র জাতি সাক্ষী—হেঁটে কারাগারে প্রবেশ করেছিলেন খালেদা জিয়া, কিন্তু বের হয়েছিলেন মারাত্মক অসুস্থ অবস্থায়।”

তিনি আরও বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের মতে, পরবর্তী চার বছর গৃহবন্দি অবস্থায় থেকেও তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি, যা তার অসুস্থতা আরও বাড়িয়ে দেয়। এ কারণেই শেষ পর্যন্ত তার জীবনাবসান ঘটে বলে মন্তব্য করেন তিনি।

খালেদা জিয়ার রাজনৈতিক জীবন সম্পর্কে নজরুল ইসলাম খান বলেন, তার ব্যক্তিগত জনপ্রিয়তা, সাংগঠনিক শক্তি ও দেশের স্বার্থে আপসহীন অবস্থানের কারণে রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয় এবং ব্যক্তিগত শত্রুতে পরিণত করে। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনা, হুসেইন মুহাম্মদ এরশাদ এমনকি তথাকথিত এক-এগারো সরকারের সময়েও খালেদা জিয়াকে কারাবন্দি করা হয়েছিল।

তিনি বলেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে শেখ হাসিনা দেশনেত্রীকে তার শহীদ স্বামীর স্মৃতিবিজড়িত বাসভবন থেকে উৎখাত করেন এবং মিথ্যা মামলায় দীর্ঘ ১৭ বছরের কারাদণ্ড দেন। তবুও তিনি কখনো আধিপত্যবাদী রাজনীতির সঙ্গে আপস করেননি। মতপ্রকাশের স্বাধীনতা কিংবা ভোটাধিকারের প্রশ্নেও তিনি ছিলেন আপসহীন।

নজরুল ইসলাম খান আরও বলেন, আজ খালেদা জিয়া সব অভিযোগ থেকে মুক্ত হয়ে লাখো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে আমাদের সামনে উপস্থিত। আর যারা তাকে কারাবন্দি করেছে, গৃহহীন করেছে, তারা আজ পলাতক জীবন যাপন করছে। ইতিহাস সাক্ষী, স্বৈরাচারীরা শেষ পর্যন্ত জনগণের আদালতে পরাজিত হয়।

তিনি বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত কাউকে আপসে বাধ্য করতে পারেনি খালেদা জিয়াকে। তিনি জনগণের পাশেই ছিলেন। তিনি বিশ্বাস করতেন—বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। জনগণের ভালোবাসা ও সমর্থনেই তিনি তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন।