রাজনীতি
খালেদা জিয়ার তিন আসনে বিকল্প প্রার্থীরাই বিএনপির চূড়ান্ত প্রার্থী: সালাহউদ্দিন
প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য মনোনীত তিনটি সংসদীয় আসনে তার বিকল্প হিসেবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারাই দলের চূড়ান্ত প্রার্থী হবেন-এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত, বাতিল বা পেছানোর কোনো সুযোগ নেই। আইন অনুযায়ী মনোনয়নপত্র বাছাই ও প্রতীক বরাদ্দের পর এমন কোনো ঘটনা ঘটলে নির্বাচন স্থগিতের প্রশ্ন উঠতে পারত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সে সুযোগ নেই। তিনি জানান, বাছাইয়ের আগেই খালেদা জিয়া মৃত্যুবরণ করায় আইনগতভাবে তিনি আর কোনো লিগ্যাল এন্টিটি হিসেবে বিদ্যমান নন। ফলে তার জমা দেওয়া মনোনয়নপত্র বাছাইয়ে টেকার প্রশ্নই ওঠে না।
তিনি আরও বলেন, এ অবস্থায় যদি বিকল্প প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ হয়, তবে তারাই সংশ্লিষ্ট আসনগুলোতে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। নির্বাচন স্থগিত বা বাতিলের বিষয়ে আইনে কোনো বিধান নেই বলেও তিনি স্পষ্ট করেন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩—এই তিনটি আসন থেকে দলের প্রার্থী হওয়ার কথা ছিল। তবে তার শারীরিক অসুস্থতার কারণে আগেই এসব আসনে বিকল্প প্রার্থী মনোনয়ন দেওয়া হয়। এর মধ্যে ফেনী-১ আসনে রফিকুল আলম মজনু, বগুড়া-৭ আসনে মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলমকে মনোনয়ন দেওয়া হয়েছিল। খালেদা জিয়ার মৃত্যুর পর এখন এসব আসনে তারাই বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানসিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমান একজন পরিণত রাজনৈতিক ব্যক্তিত্ব। তাকে দৃঢ় মনোবল নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। যত বড় শোকই আসুক না কেন, জাতির স্বার্থে এবং দলের দায়িত্ব পালনে তাকে শক্ত অবস্থানে থাকতে হবে—এটাই সময়ের দাবি।