রাজনীতি
খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমান
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত দাদির কবর জিয়ারত করতে যান তারা। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সকাল সাড়ে ১০টার দিকে জিয়া উদ্যানে পৌঁছান জাইমা রহমান। এ সময় তার সঙ্গে পরিবারের প্রায় ২০ জন সদস্য উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে তারা দীর্ঘ সময় ধরে মোনাজাতে অংশ নেন। পরে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তারা জিয়া উদ্যান ত্যাগ করেন।
এ সময় জাইমা রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা।
উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর (বুধবার) পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে জিয়া উদ্যানে সমাহিত করা হয়। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ সংলগ্ন বিশাল এলাকায় তার ঐতিহাসিক জানাজা অনুষ্ঠিত হয়।