রাজনীতি
বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে: আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মৃত্যুঞ্জয়ী গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দর্শন, আদর্শ ও চিন্তা-চেতনা ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে। তিনি শারীরিকভাবে আমাদের মাঝে না থাকলেও তার আদর্শ ও রাজনৈতিক দর্শন জাতির পথনির্দেশক হয়ে থাকবে।
শুক্রবার সকালে চট্টগ্রামের প্যারেড মাঠে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, “দক্ষিণ এশিয়াসহ সারা বিশ্বের মানুষ আজ বেগম খালেদা জিয়ার জন্য শোকাহত। তার দর্শন, আদর্শ ও চিন্তা-ভাবনা মানুষের হৃদয়ে গভীরভাবে প্রোথিত। তিনি ছিলেন এক মহাকাব্যিক ও বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করার যে দৃষ্টিভঙ্গি তিনি রেখে গেছেন, তা আমাদের অনুকরণ ও অনুসরণ করতে হবে। তার আত্মার মাগফিরাত কামনায় সবাইকে দোয়া করতে হবে।”
দেশে শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “বিএনপি একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়। দীর্ঘদিন ধরে দেশ অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের কল্যাণ নিশ্চিত করতে হলে শান্তি ফিরিয়ে আনতে হবে। সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ কমে গেছে, ভিন্নমতের প্রতি সম্মান প্রদর্শনের সংস্কৃতি হারিয়ে যাচ্ছে—এ অবস্থা থেকে বেরিয়ে আসতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
আগামীর বাংলাদেশ নিয়ে প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, “ঐক্যের ভিত্তিতেই বাংলাদেশ গড়ে তুলতে হবে। উন্নয়নের সুফল যেন দেশের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়, সেটি নিশ্চিত করতে হবে। নতুন বাংলাদেশে কোনো বৈষম্যের স্থান থাকবে না।”