রাজনীতি
বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিটে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র অনুমোদন দেন।
এদিন একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়। তবে আয়কর রিটার্ন দাখিল না করায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী দিলরুবা নূরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। ওই দিন ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
ঢাকা-১৭ আসনে তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম। গুলশান, বনানী ও বারিধারাসহ রাজধানীর অভিজাত এলাকাগুলো নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন। দলীয় সূত্র জানায়, গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর সর্বশেষ শনিবার এই আসনের ভোটার হিসেবে নিবন্ধিত হন তারেক রহমান।
অন্যদিকে বগুড়া-৬ আসনে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিমসহ দলের শীর্ষ নেতারা। এই আসনে অতীতে বিএনপির শক্ত অবস্থান ছিল। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত সব জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থীরাই জয়ী হন। এ সময়ের মধ্যে চারবার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া।
২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন শুরু হয়। সে সময় কারামুক্ত হয়ে ১১ সেপ্টেম্বর লন্ডনে যান তারেক রহমান। বিদেশে অবস্থান করায় তিনি তখন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি এবং পরবর্তী সময়েও দেশে না ফেরায় ভোটার হননি।
গত বছরের জুলাইয়ের অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।