রাজনীতি

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:৩৬ এএম

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান
তারেক রহমান (ইনশটে ওয়াসিম আকরাম)। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে জেলা বিএনপির প্রচার সম্পাদক আকতার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সবকিছু পরিকল্পনা অনুযায়ী থাকলে ওই দিন তারেক রহমান পেকুয়া উপজেলায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।

এ সফরকে ঘিরে কক্সবাজার জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন, দীর্ঘদিন পর তারেক রহমানের কক্সবাজার আগমন জেলার বিএনপি পরিবারের জন্য গর্ব ও আনন্দের বিষয়।

এদিকে, সফরকালে তারেক রহমান যেন উখিয়ায় নিহত বিএনপি কর্মী জাগির হোসেনের পরিবারের খোঁজ নেন- এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন নেতাকর্মীরা। ২০২৩ সালের নভেম্বরে উখিয়ায় গুলিতে নিহত হন জাগির হোসেন।

উখিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আহমদ শাকিল বলেন, স্বৈরাচার সরকারের পেটোয়া বাহিনীর গুলিতে শহীদ জাগির হোসেনের পরিবার আজও মানবেতর জীবন যাপন করছে। তারেক রহমান তাদের পাশে দাঁড়াবেন এবং কবর জিয়ারতে আসবেন—এটাই আমাদের প্রত্যাশা।

উল্লেখ্য, আগামী ১১ জানুয়ারি দীর্ঘ ১৯ বছর পর বগুড়া সফরে যাবেন তারেক রহমান। পরদিন ১২ জানুয়ারি রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার কথাও রয়েছে।

এর আগে গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। সেদিন রাজধানীর তিনশ ফিট এলাকায় তাকে অভ্যর্থনা জানাতে জড়ো হন লাখো নেতাকর্মী ও সমর্থক।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রামের মুরাদপুর এলাকায় পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে নিহত হন ওয়াসিম আকরাম। তিনি চট্টগ্রাম কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।