রাজনীতি

তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৭:৩১ পিএম

তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) একই কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। ওই বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন, ইইউ পর্যবেক্ষক দল পাঠানোসহ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা দেখেই ইউরোপীয় ইউনিয়ন বড় পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, যা মূলত নির্বাচন প্রক্রিয়ার প্রতি তাদের সমর্থনের বহিঃপ্রকাশ। তিনি বলেন, এ বিষয়ে তারেক রহমানের সঙ্গে প্রতিনিধিদলের বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

নজরুল ইসলাম খান আরও বলেন, এই নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, তাদের প্রতি ইইউ অধিকতর সহযোগিতা করবে বলে জানিয়েছে প্রতিনিধি দল। অতীতের কয়েকটি নির্বাচনে ইইউ কোনো পর্যবেক্ষক পাঠায়নি উল্লেখ করে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। তারা নির্বাচন কীভাবে অনুষ্ঠিত হবে, বিএনপির ভূমিকা কী থাকবে এবং নির্বাচনের পর দেশের উন্নয়ন নিয়ে বিএনপির ভাবনা কী—এসব বিষয় জানতে চেয়েছে।

তিনি জানান, তারেক রহমান এ সময় স্পষ্টভাবে বলেছেন, দ্রুত নির্বাচনের দাবি শুরু থেকেই বিএনপির ছিল এবং নির্ধারিত সময়েই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের বিষয়ে দলটি অঙ্গীকারবদ্ধ।

সেই সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।